মোবাইলের আইএমইআই পাল্টানোর কারিগর আটক

১৩ জুলাই, ২০২০ ২০:৩৭  
চট্টগ্রামে মোবাইল ফোনের আইএমইআই (ইইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডিন্টিটি) পাল্টানোর এক কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর কোতোয়ালি থানার রেয়াজউদ্দিন বাজারের তামাকমুন্ডি লেইনের হাসিনা হক মার্কেটে অভিযান চালিয়ে রোববার রাতে আহসান হাবিব (২৪) নামের এই কারিগরকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই মার্কেটের সেল টেকনোলজির মালিক। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের আবুল কাশেমের সন্তান। গোপন সংবাদের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে আহসান হাবিবকে গ্রেফতার করার কথা জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন। তিনি জানান, ফোনের আইএমইআই পরিবর্তনের এ কাজে সে নগরী কিংবা বাইরের চুরি কিংবা অবৈধ মোবাইল সেটের আইএমইআই, ফ্ল্যাশ কিংবা প্যাটর্ন লক খুলে তা ব্যবহারের উপযোগী করে তুলতো আহসান। এছাড়াও সে বিভিন্ন চোরাই মোবাইল ও বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইলের লক খোলা ও আইএমইআই পরিবর্তনের কৌশলও আয়ত্ব করেছে সে।